আজ শনিবার (৯ মার্চ) নির্ধারিত হচ্ছে যাচ্ছে পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট। সে লক্ষ্যে স্থানীয় সময় সকাল ১০টার দিকে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সংরক্ষিত আসন বণ্টন নিয়ে জটিলতার মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্যা ডন।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে শক্তিধর প্রার্থী হিসেবে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলি জারদারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাই। সুন্নি ইত্তেহাদের সাথে জোট করেই বিরোধী দল হিসেবে সংসদে গেছেন ইমরান সমর্থিত পিটিআই প্রার্থীরা।
নির্বাচন শুরুর পর থেকেই জাতীয় পরিষদ এবং সিনেট সদস্যরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তবে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে। জোটের শরিকেরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ধারণা করা হচ্ছে, আসিফ আলী জারদারিই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট।
এইবার নিয়ে আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। এরই আগে ২০০৮-২০১৩ মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছেন।
বেশীরভাগ সমর্থন থাকায় ধারণা করা হচ্ছে, তিনিই এবার পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চলেছেন। এর আগে সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির সমর্থন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।