ভারতের এমপি হলেন ঋষি সুনাকের শাশুড়ি

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি। কয়েকদিন আগেই নয়াদিল্লিতে নয়া সংসদ ভবন দেখতে গিয়েছিলেন সুধা মূর্তি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ভারতীয় রাজ্যসভায় বেশিরভাগ সদস্য সরাসরি নির্বাচিত হয়ে আসেন। তবে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে ১২ জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন ভারতের রাষ্ট্রপতি। তারা মনোনীত সদস্য বা কোরাম নামে পরিচিত।

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে সুধা মূর্তিকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ।

সুধা মূর্তিকে অভিবাদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সবার্তায় বলেন, ‘সুধা মূর্তির এই নিয়োগ নারী শক্তির একটি দৃষ্টান্ত, যা আমাদের দেশের ভাগ্য গঠনে নারীদের শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরে। সমাজকর্ম, জনকল্যাণ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অপরিসীম ও অনুপ্রেরণাদায়ক।‘

দেশের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন সূধা। একই সঙ্গে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দ্য হিন্দু পত্রিকাকে বলেছেন, এই নিয়োগ আনন্দদায়ক বিস্ময় হিসেবে এসেছে। আন্তর্জাতিক নারী দিবসে এই সম্মানের কথা বলতে পেরে আমি দ্বিগুণ রোমাঞ্চিত।

বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি। তাদের মেয়ে অক্ষতা মূর্তি ২০০৯ সালে সুনাককে বিয়ে করেন। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাক।

১৯৯৬ সালে ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন সুধা মূর্তি। এছাড়া গেটস ফাউন্ডেশনের সদস্য তিনি। কর্ণাটকে তিনি একাধিক অনাথাশ্রম খুলেছেন। এছাড়া এই রাজ্যের গ্রামে গ্রামে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত।

সুধা মূর্তি ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। আর ২০২৩ সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে মোদি সরকার।