দুই বেয়াইনের লড়াই, শেষ হাসি ছেলের মায়ের  

বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর সংরক্ষিত আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোছা. পিয়ারা খানম। সংরক্ষিত এই নারী আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই বেয়াইন পিয়ারা খানম ও ফুলপরী পারভীন। ভোটের লড়াইয়ে মায়ের মাকে হারিয়ে জয়লাভ করেছেন ছেলের মা।

শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫টি ভোট কেন্দ্রে ব্যালটে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ। এতে পিয়ারা খানম মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩৬টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফুলপরী পারভীন সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৫২টি ভোট। নির্বাচিত পিয়ারা খানম মেয়ের মায়ের থেকে ৩৮৪টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৬৩১।