জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তনে নির্বাচন কমিশনে দেওয়া রওশনপন্থিদের আবেদন নামঞ্জুর করেছে ইসি। রওশনপন্থী জাপা অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ ইসি বরাবর এই আবেদন করেছিলেন।
ইসির উপসচিব মো. মাহবুবুল আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিষয়টি দলের গঠনতন্ত্র অনুযায়ী না-হওয়ায় এই আবেদন ইসিতে নামঞ্জুর হয়েছে।
কাজী মো. মামুনূর রশিদ স্বাক্ষরিত ইসিতে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে আজ শনিবার সম্মেলন করে জাতীয় পার্টিতে নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছে রওশন এরশাদপন্থিরা। এতে জাতীয় পার্টির (রওশন পন্থিদের) চেয়ারম্যান রওশন এরশাদ, নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে আবু হোসেন বাবলার নাম প্রস্তাব করা হলে ডেলিগেটরা মৌখক ভোটে তাকে নির্বাচিত করেন। কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে।
তবে এই সম্মেলন গঠনতন্ত্র বিরোধী বলে দাবি করেছেন জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ডাল-পালা, লতা-পাতা নিয়ে জাতীয় পার্টির নাম ব্যবহার করে অনেকে সম্মেলন করতে পারে। অনেক কমিটি হতে পারে। তবে জি এম কাদের নেতৃত্বাধীন আমরাই মূল জাতীয় পার্টি।’