চট্টগ্রামের বাঁশখালীতে বাহারচড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রেজাউল করিম চৌধুরী। অটোরিকশা প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৩ হাজার ৬০৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার আজিম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৩২ ভোট।
আজ শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা।
বিজয়ী হয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রকাশ মুন্সি ইউনুছ বলেন, এলাকার জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তা আমি যথাযথভাবে মূল্যায়ন করব। কোনো বিরোধ নয়, সবাই আমারই লোক হিসেবে সেবা দেওয়ার চেষ্টা করব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
নির্বাচন শেষে ফলাফল প্রকাশ ও অভিমত ব্যক্ত করতে গিয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী থানার ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ছিল। তা বাস্তবায়ন করা হয়েছে।