সুপ্রিম কোর্ট বার নির্বাচন 

ভোট গণনায় অনিয়মের অভিযোগ ব্যারিস্টার খোকনের, পুনর্গণনার আবেদন  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শনিবার (৯ ফেব্রুয়ারি) তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আহ্বায়ক সাব-কমিটি বরাবর একটি লিখিত আবেদন দিয়েছেন।

এতে উল্লেখ করেছেন, আমি এ এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪-২৫ সালের সভাপতি পদপ্রার্থী। আমার নিয়োজিত এজেন্টদের ভোট গণনার সময় অনিয়মের বিষয়ে মৌখিক আপত্তি ও অভিযোগ জানায়। আজ ভোট গণনার সময় আমার প্রাপ্ত অনেকগুলো ভোট আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট হিসেবে গণনা করে ফলাফল সীট প্রস্তুত করা হয়। তাৎক্ষণিক আপত্তি দাখিল করলে নির্বাচন কমিশনের সদস্যরা আমার এজেন্টদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং অভিযোগটি আমলে না নিয়ে ভোট গণনা শেষ করে। এছাড়াও ১০০ বান্ডিলের অনেক বান্ডিলে ১৩০টি পর্যন্ত ব্যালট পাওয়া যায় ও গণনা করা হয়। 

তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের সভাপতি সাধারণ সম্পাদকসহ সসকল পদে ভোট পুনর্গণনার আবেদন জানাচ্ছি।

এর আগে নানা নাটকীয়তার পর শনিবার (৯ মার্চ) বিকেল ৩টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোট গণনা ও ফল ঘোষণা উপলক্ষে সুপ্রিম কোর্ট অঙ্গনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যে ভবনে ভোট গণনা করা হয়েছে, সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।