কেন অভিনয়ে নেই ঐন্দ্রিলা?

ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। তবে গানের চেয়ে অভিনয়েই ছিল তার সরব উপস্থিতি। শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে অসংখ্য কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে। মাঝে বেশ লম্বা বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন। কিছুদিন কাজ করে আবারও বিরতিতে চলে যান তিনি। কয়েক বছর হলো অভিনয়ে তার উপস্থিতি নেই।

খোঁজ নিয়ে জানা গেল, অভিনয় থেকে খানিক বিরতি নিয়েছেন। করপোরেট চাকরির কারণে অভিনয়ে তেমন একটা সময় দিতে পারেন না। সেই সঙ্গে সংসার, স্বামী, সন্তানকে সময় দেওয়া তো রয়েছেই। অভিনয়ে দেখা না গেলেও প্রায়শই উপস্থাপনাতে দেখা যায় ঐন্দ্রিলা আহমেদকে, তবে সেটাও অনেক কম।

ঐন্দ্রিলা আহমেদ দেশ রূপান্তরকে বলেন, করপোরেট চাকরি করে তারপর পরিবারকে সময় দিয়ে অভিনয়ের জন্য আলাদা সময় বের করাটা খুব কঠিন হয়ে যায়। ইচ্ছে থাকলেও অনেকাংশে সেটা হয়ে ওঠে না। তাছাড়া যেসব গল্প বা চরিত্র আমার কাছে আসে সেগুলো আমাকে খুব একটা টানে না। কাজের প্রস্তাব তো নিয়মিতই পাই কিন্তু এরকম গল্প বা চরিত্র এখনো পাইনি যেটা দেখে মনে হবে যে, কাজটা আমার করা উচিত।

এরমধ্যে বহু নাটক, ওটিটি ও সিনেমার প্রস্তাব পেয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, কাজের প্রস্তাব তো এখনো আসে। নাটক, ওটিটিতে বিভিন্ন কাজের প্রস্তাব আসে কিন্তু আমার মন মতো কিছু পাইনি। তাছাড়া ‘পায়ের ছাপ’ সিনেমার প্রস্তাব এসেছিল আমার কাছে। গল্পটাও আমার খুব ভালো লেগেছিল কিন্তু কভিডের কারণে কাজটি করতে পারিনি। এরপর আরও কিছু সিনেমার কথা হয়েছিল কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার।

ঐন্দ্রিলাকে সর্বশেষ টেলিভিশন নাটকে দেখা গেছে ২০১৯ সালে। ‘প্রদীপ’ শিরোনামের একটি নাটকে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে সর্বশেষ অভিনয় করেছিলেন। এরপর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও অভিনয়ে তাকে আর পাওয়া যায়নি। অভিনয়ে না দেখা গেলেও তাকে মাঝে মাঝে দেখা যায় বাংলাভিশনের একটি রান্না বিষয়ক অনুষ্ঠানে। এছাড়াও আসছে রমজানে গাজী টেলিভিশনের নতুন একটি রান্নার শোতে দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী।

ঐন্দ্রিলা বলেন, বাংলাভিশনে প্রতি সপ্তাহে আমার একটা রান্নার শো যাচ্ছে। এর বাইরে আসছে রমজানের জন্য নতুন একটি রান্নার শো করছি যেটা গাজী টেলিভিশনে দেখা যাবে। অভিনয়ের জন্য একটু বাড়তি সময়ের প্রয়োজন তাছাড়া ভালো গল্প হলে হয়তো সময় একটু ম্যানেজ করা যেত কিন্তু সে রকম কিছু এখনো পাইনি। পেলে অবশ্যই আবারও অভিনয় করতে চাই।

অভিনয়ের বাইরে প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে ঐন্দ্রিলার। অনেক নাটক প্রযোজনাও করেছেন। সামনেও করার ইচ্ছে আছে তার। জানান, আবারও প্রযোজনা করার ইচ্ছে আছে কিন্তু এর জন্যও সময় প্রয়োজন। এদিকে সময় দেওয়ার মতো সময় করতে পারছি না। দেখি, সামনে কিছু করার ইচ্ছে আছে।