ঢাকার অদূরে মানিকগঞ্জে ‘পুলসিরাত’ সিনেমার শেষ লটের শুটিং শেষ করে সদ্যই ঢাকায় ফিরলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, পুলসিরাত সিনেমার শুটিং শেষ করলাম। শুক্রবার সিনেমাটির ক্যামেরা অফিশিয়ালি ক্লোজ হয়েছে। এটা ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। অনেক আগে থেকেই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই হয়তো এর ফার্স্ট লুক আসবে।
‘পুলসিরাত’ ছাড়া আরও দুই সিনেমা ঈদে মুক্তি পেতে পারে বলে জানালেন রোশান। সেই তালিকায় রয়েছে তার অভিনীত ‘ডেডবডি’ ও ‘মায়া দ্য লাভ’। এছাড়াও মুক্তি প্রতীক্ষিত রয়েছে ‘এক্সকিউজ মি’, ‘প্রেম পুরাণ’। তিনি বলেন, ‘ডেডবডি’র কাজ শেষ হওয়ার পথে আর ‘মায়া দ্য লাভ’ এর পোস্ট প্রোডাকশন শেষের দিকে। এখন মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিচালকরা আমাকে জানিয়েছেন সিনেমা দুটি আসছে ঈদে মুক্তি দিতে চান। ‘জামদানি’, ‘প্রেম পুরাণ’ সিনেমা দুটির কাজও একদম শেষ। এই দুটা ছাড়াও আরও কিছু স্পেশাল কাজ রয়েছে। এখন ‘এক্সকিউজ মি’ সিনেমার ডাবিং করছি। এরমধ্যে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলছে। এটা শেষ করে কিছুদিন পর লন্ডনে যাব। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘লন্ডন লাভ’ সিনেমার শুটিং শুরু করব সেখানে। এদিকে সিনেমার বাইরে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন এই নায়ক। এটির নাম ‘হাইড অ্যান্ড সিক’। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই ফিল্মে দেখা যাবে তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি ও জুনায়েদ বোগদাদিকে। এরইমধ্যে এর শুটিংয়ে অংশ নিয়েছেন রোশান।