লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার করে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে এসে স্থানীয়দের হাতে আটক হওয়া একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর এলাকার একটি কৃষিজমি থেকে এ মায়া হরিণটি আটক করা হয়। পরে হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয় কয়েকজন তরুণ। এরপর বন বিভাগ হরিণটিকে আবার বনে ছেড়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল শনিবার দুপুরে কামদপুর গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ কৃষিজমি থেকে আটক করে কিছু তরুণ। পরে বিষয়টি তাকে অবগত করলে তিনি রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তাকে জানালে মায়া হরিণটি উদ্ধার করা হয়।’

কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।’