জাবি প্রক্টর-প্রাধ্যক্ষের অব্যাহতিসহ পাঁচ দাবিতে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মশাল মিছিলটি বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আন্দোলনকারীরা প্রক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিচারের আওতার আনার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বহিষ্কারাদেশের প্রজ্ঞাপন জারি ও অফিস আদেশ প্রণয়ন করতে হবে।