হার দিয়ে শুরু করলেও মনোবল ভাঙ্গেনি ভারতের। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে পরের চার ম্যাচেই করেছে পরাজিত। দাপুটে এক সিরিজ জয়ের পর বিসিসিআই দেয় প্রণোদনার ঘোষণা।
মূলত ক্রিকেটারদের টেস্টমুখী করতেই এমন ঘোষণা দেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তবে দলটির কোচ রাহুল দ্রাবিড়ের মতে প্রণোদনার প্রয়োজন নেই।
জয় শাহ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতির মাধ্যমে এটি ঘোষণা করেন এবং লেখেন, 'খুবই আনন্দের সঙ্গে আমরা এটা জানাচ্ছি যে আমরা টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম চালু করছি সিনিয়র ক্রিকেটারদের জন্য। যাতে আর্থিক স্বাচ্ছন্দ্যতার পাশাপাশি মজবুতিও পায় দল। এটি একটি বাড়তি পুরস্কারের মতো কাজ করবে। যা ম্যাচ ফি রয়েছে, তার উপর আরও ১৫ লক্ষ টাকা দেওয়া হবে।'
যদিও এই প্রসঙ্গে তিনি আলাদা করে জানিয়েছিলেন যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে টেস্ট ক্রিকেটের প্রচার করার পাশাপাশি এর গুরুত্ব সকলকে বোঝানোর। তিনি আরও দাবি করেন যে এই ঘোষণা থেকে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা জাগবে তরুণ ক্রিকেটারদের মধ্যে।
এই ঘোষণায় কিছুটা হলেও বিরক্তি দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচ তথা প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের চোখে মুখে। ম্যাচ শেষে তিনি বলেন, 'টেস্ট খেলার জন্য অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা কখনও ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলাকে ১০০ টেস্ট খেলার সঙ্গে তুলনা করি না। তবে এটা দেখে ভালো লাগছে যে দিনের শেষে টেস্ট একটা শক্ত ফরম্যাটের স্বীকৃতি পাচ্ছে। ভালো লাগছে যে ধীরে ধীরে বিসিসিআই এটা বুঝতে পারছে এবং আশা করছি আগামীদিনে মত পাল্টাবে না এই বিষয়ে। তবে ইনসেনটিভের চেয়েও আমি এটিকে পুরস্কার হিসেবে দেখি।'
অন্যদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি এই প্রসঙ্গে বলেন, 'অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে বিসিসিআইয়ের তরফ থেকে টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম ঘোষণা করা হচ্ছে। এটা করা হয়েছে প্রবীণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার জন্য এবং এটাও বোঝানোর জন্য যে টেস্ট ক্রিকেট খেলার বাকি সব ফরম্যাটের ঊর্ধ্বে।'