শাহরুখকে অনুসরণ করতে আমিরকে পরামর্শ, যা বললেন অভিনেতা

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আর পর্দায় দেখা যায়নি আমির খানকে। তবে পর্দায় না থাকলেও বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ কিন্তু সব সময় চর্চায় থাকেন। মুক্তি পেয়ে তার প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’। অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ এই ছবির পরিচালক। দাম্পত্য সম্পর্ক না থাকলেও দুজনের বন্ধুত্ব এখনও অটুট। ফলে কাজের উপর ব্যক্তিগত সম্পর্কের কোনও প্রভাব পড়তে দেননি দুজনের কেউই।

সিনেমাটির একটি চরিত্রের জন্য আমির নাকি অডিশন দিয়েছিলেন। কিন্তু সেই অডিশন কিরণের পছন্দ না হওয়ায় আমিরকে সিনেমাতে নেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে এটি। সেই সিনেমার প্রচারে এসে এক অন্য প্রশ্নের মুখোমুখি হলেন আমির। শাহরুখের প্রসঙ্গে এনে প্রশ্ন করে বসলেন এক অনুরাগী।

পর্দায় অ্যাকশন দৃশ্যে কম দেখা যায় আমিরকে। কিন্তু অনুরাগীরা যে এ ধরনের দৃশ্যে আমিরকে দেখতে চান সাম্প্রতিক এক ঘটনায় তা বোঝা গেল। ‘লাপাতা লেডিস’-এর প্রচারে এক অনুরাগী প্রশ্ন ছুঁড়ে দিলেন আমিরের উদ্দেশে। ‘আপনি কেন জওয়ান-এর মতো সিনেমাতে অভিনয় করেন না?’ আমিরকে অনুরাগীর পরামর্শ, ‘আপনার ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করা উচিত।’

অনুরাগীর প্রশ্নের উত্তরও দিলেন আমির। অনুরাগীর উদ্দেশে আমির বললেন, ‘বন্ধু, পাঠানের মতো সিনেমা তো শাহরুখ খান তৈরি করছে। আমি তো লাপাতা লেডিস বানাচ্ছি। সেটাই দেখ না।’