রোজার আগেই সৌদিতে গ্রেপ্তার আরও ১৯৪৩১

সৌদি আরবে গত এক সপ্তাহে আরও প্রায় ২৩ হাজার ৪০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়। পবিত্র রমজান শুরুর আগে ২৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চলা এই  সাপ্তাহিক অভিযানে গ্রেপ্তারের সংখ্যা গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি। রবিবার (১০ মার্চ) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ১২ হাজার ৯৫১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ছয় হাজার ৫৯২ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী তিন হাজার ৪৯৭ জন। একটি সৌদি সংবাদপত্র অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে সাপ্তাহিক অভিযান অব্যাহত রেখেছে সৌদি। এর আগে এক সপ্তাহে সর্বোচ্চ গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮১২ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।