সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা জাগিয়েও আক্ষেপ সঙ্গী হয়েছে বাংলাদেশের। প্রথম প্রথম ম্যাচে ৩ রানের হারের পর সহজে দ্বিতীয় ম্যাচ জিতে শনিবার ম্যাচটিকে ফাইনালে পরিণত করেছিল শান্তরা। কিন্তু স্বীকৃতি ব্যাটসম্যানদের ব্যর্থতায় এ ম্যাচেও হারতে হয় বাংলাদেশ। সেই আক্ষেপ সঙ্গী করে চট্টগ্রামে গেছে শান্ত-লিটনরা লঙ্কানদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
সকালে চট্টগ্রামে পৌঁছানো বাংলাদেশ দলের আজ কোনও অনুশীলন নেই। আগামী দুই দিন অনুশীলন করে ১৩ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৮ মার্চ।
টি-টোয়েন্টি স্কোয়াড ও ওয়ানডে স্কোয়াডের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সিলেটে আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম। অন্যদিকে জাকের আলী অনিক, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান ফিরে গেছেন ঢাকায়। তারা সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেবেন।
প্রথম দুই ওয়ানডের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।