দক্ষিণ লেবাননে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। রবিবার (১০ মার্চ) গোষ্ঠীটি এ তথ্য জানায়। এর আগের দিন ইসরায়েলের হামলায় তিনজন সদস্য হারায় হিজবুল্লাহ।
হিজবুল্লাহ বলছে, এদিন সকালে ইসরায়েলের মেরন গ্রামে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে তারা। গ্রামটি সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে একটি বিমান নিয়ন্ত্রণ ঘাঁটি রয়েছে। বছরের শুরু থেকে এতে বেশ কয়েকবার ইরান-সমর্থিত গোষ্ঠীটি হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সাইরেন বেজে ওঠার পর লেবানন থেকে উত্তর ইসরায়েলি ভূখণ্ডের দিকে আসা প্রায় ৩৫টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী রাতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালায়। এর মধ্যে একটি ছিল সামরিক স্থাপনা, যেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের চিহ্নিত করা হয়।
গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় এ পর্যন্ত লেবাননে ৩১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এর সঙ্গে ৫৩ জন বেসামরিকও রয়েছে।
অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১০ সেনা ও ৭ বেসামরিক। এ সংঘাতে সীমান্তের দুই পাশে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।