আমিরাতেও দেখা গেছে চাঁদ, রোজা শুরু কাল

সৌদি আরবের মতো আগামীকাল সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাতেও পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়। এর ফলে সেখানে আজই শাবানের শেষ দিন।

গালফ নিউজ জানিয়েছে, আমিরাত ইতোমধ্যে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের কাজের সময় কমানো হয়েছে।

সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান রমজান মাস সিয়াম সাধনা ও ইবাদতে কাটান। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন শরীফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ। হাজারও বছর ধরে সারা বিশ্বের মুসল্লিরা সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে।

এদিকে মঙ্গলবার থেকে রোজা শুরুর কথা জানিয়েছে ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশে আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সেখান থেকেই ঘোষণা দেওয়া হবে রমজান শুরুর তারিখ।