রাজধানীর মিরপুর শাহআলীতে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০)। গতকাল রবিবার সকাল ৮টার দিকে মিরপুর মুক্তবাংলা মার্কেটের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে তার এক সহকর্মীর দাবি, সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাদের বাড়ি বরগুনা বেতাগী উপজেলার কালকা বাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তারা ঢাকা মেডিকেলে এসে ছেলের লাশ দেখতে পান। এক মেয়ের জনক আল-আমিন। তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, স্বজন ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তার সহকর্মী কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আল-আমিন। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।