শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশে অনেক দক্ষতানির্ভর কাজের সৃষ্টি হয়েছে। কিন্তু সেই দক্ষতা অনুযায়ী প্রার্থী পাওয়া যাচ্ছে না। দক্ষতার জায়গায় আমরা যাতে বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারি, সেই চেষ্টা করতে হবে। জীবনের সঙ্গে সম্পৃক্ত দক্ষতাগুলো আয়ত্ত করতে হবে।’
গতকাল রবিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ১১তম সমাবর্তনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এবারের সমাবর্তনে ৬ হাজার ২৮৪ গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান, উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক দেওয়া হয়।
সমাবর্তন বক্তা ছিলেন আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গান্ডোলিফ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ ছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।