রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করল হাইকোর্ট

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন গতকাল রবিবার এ আদেশ দেয়।

আদালতের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম।

অ্যাডভোকেট এ কে এম ফয়েজ জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন এবং হাইস্কুল ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করেছে উচ্চ আদালত। এদিকে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৪ সালের (১৪৩০-৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।