সুপ্রিম কোর্ট বারের ফল জালিয়াতি করা হয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ফল জালিয়াতি করা হয়েছে। আপনারা দেখছেন অহংকারের মাত্রা, ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে, সেখানে তা দেখা গেছে।’

গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছে। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজলকে। যূথীকে কেন আটক করা হলো না। মারামারি করল তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক। সুপ্রিম কোর্টের মতো জায়গায় সেখানেও তারা ভোটের অধিকার কেড়ে নিল, ফল কেড়ে নিল। ফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো, বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী হতো।’

তিনি বলেন, ‘রাষ্ট্রশক্তিকে আওয়ামী লীগের পেশিশক্তিতে পরিণত করে ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্র্রপতি বানাবে, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার, সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। তারা এসব থোড়াই কেয়ার করছে না।’ এ সময় অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।