চাঁদাবাজির মামলায় ৩ সহোদরের ৭ বছর কারাদন্ড

গেন্ডারিয়া থানায় চাঁদাবাজির এক মামলায় ৩ সহোদর ভাইকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত সাজার এই রায় দেয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সিরাজ, মো. নজরুল ইসলাম ও মো. তাজু। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে সিরাজ উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। রায়ের পর সিরাজকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৩ সালের ১৪ মে রাজধানীর গে-ারিয়া থানাধীন দয়াগঞ্জ সাদেক হোসেন মার্কেটের বিভিন্ন দোকানে প্রতি মাসে ৫-১০ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ করা হয় আসামিদের। এনায়েত স্টিল নামের এক দোকানের মালিক মো. এনায়েত হোসেন এ মামলাটি করেন।

তার অভিযোগে বলেন, ‘আসামিরা তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করার পর তাকে ছুরি ঠেকিয়ে ও কুকুর লেলিয়ে দেওয়ার ভয় দেখিয়ে জীবননাশের হুমকি দেন তারা। ভয়ে তিনি পাঁচ হাজার টাকা চাঁদা দেন।’