প্রস্তুতি ম্যাচে সুদানকে গোল করতে দেয়নি বাংলাদেশ

সৌদি আরবের তায়েফ শহরে অস্থায়ী ক্যাম্প করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের জন্য প্রস্তুতি নেওয়াই প্রধান লক্ষ্য। 

আগামী ২১ মার্চ কুয়েত সিটিতে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ফিলিস্তিনের। তায়েফ শহরেই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে আফ্রিকান দল সুদানও। তো, এই সুযোগে মধ্যস্থতায় দু'দল দুটি রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। 

যার প্রথমটি হয়েছে রবিবার রাতে। ফিফা স্বীকৃত ম্যাচ নয় বলে দুই দলের সম্মতিতে ম্যাচগুলোর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছিল। 

তবে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানা গেছে বিশ্ব র‌্যাংকিংয়ে ৫৬ ধাপ এগিয়ে থাকা সুদানকে গোল করতে দেয়নি বাংলাদেশ। ম্যাচটি শেষ হয়েছে গোলশূণ্য ড্রয়ে।

মধ্যপ্রাচ্যে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাই দুটি ম্যাচই বেশি রাতে খেলার সিদ্ধান্ত নিয়েছে দু'দল। রবিবার রাতে হওয়া ম্যাচে সুদান হাই-প্রেসিং ফুটবল খেললেও হাভিয়ের কাবরেরার ঘর সামলানোর কৌশলের কাছে পেরে উঠেনি। 

হাসান আল মামুন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, হোটেলে ফিরলাম ফিফা র‌্যাংকিংয়ে ১২৭তম সুদান জাতীয় দলের সঙ্গে ০-০ ড্র করে।' আগামী বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে দু'দল। 

বাছাইপর্বের প্রস্তুতি নিতে গত পাঁচ দিন ধরে সৌদি আরবে অবস্থান করতে বাংলাদেশ দল। মূলত ২১ মার্চ ম্যাচটি কুয়েতে বলে মধ্যপ্রাচ্যের জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সৌদি আরবে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করছে ২৮ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল।