অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানসিটি ম্যাচের স্টপেজ টাইমের খেলা চলছে। সিটির বক্সে লাফানো একটা বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডারের বুকে বুট দিয়ে আঘাত করেন সিটির ডকুু। রেফারি প্রথমে ফাউলের আবেদন নাকচ করে দেন। পরে ভিএআর দেখেও ফাউল দেননি। ড্রতে শেষ হওয়া ম্যাচের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সংবাদ সম্মেলনে দাবী করেছেন, 'এটা পরিস্কার ফাউল। পৃথিবীর সবাই বলবে এটা ফাউল। ঘটনাটা এমন ছিল যে বল না থাকলে ডকু ম্যাকঅ্যালিস্টারকে মেরে ফেলতো।'
কয়েক মৌসুম ধরে ভিএআর–কেন্দ্রিক যেসব অসংগতি হয়েছে, এর কয়েকটিতে পরে ম্যাচ অফিশিয়ালসদের প্রধান হাওয়ার্ড ওয়েব ভুক্তভোগী ক্লাবের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। সেই প্রসঙ্গটি টেনে খোঁচাও দিয়েছেন লিভারপুল কোচ, ‘ওটা এক শ ভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটা ব্যাখ্যা খুঁজে বের করবে। অথচ মাঠের যেকোনো প্রান্তেই এটা শতভাগ ফাউল। সম্ভবত হলুদ কার্ডও হওয়ার কথা। কেউ একজন আমাকে বলুন তো, ওটা পেনাল্টি না হয় কীভাবে? অথবা হাওয়ার্ড কি আগামীকাল আমাকে ফোন করে বলবে, সে দুঃখিত। এ দুটোই হওয়ার কথা। কিন্তু ম্যাচের ফল তাতে বদলে যাবে না।’
ভিএআর রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ক্লপ বলেন, ‘ভিএআর কক্ষে থাকা মানুষটার কেন মনে হলো পেনাল্টিটা সুস্পষ্ট ও নিশ্চিত (ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস) ছিল না? সে লাঞ্চে কী খেয়েছিল।’
ডাগআউটে ক্লপের দলের যাঁরা ছিলেন, তাঁরা পেনাল্টি নিশ্চিত হয়েছেন জানিয়ে ক্লপ আরও বলেন, ‘আমার পাশে যারা আইপ্যাড নিয়ে বসেছিল, ওরা বলল, বাহ, পরিষ্কার ফাউল। কিন্তু এখন হয়তো দেখা যাবে “ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস” শব্দটাকে ঢাল বানাবেন তাঁরা।’
সিটির সঙ্গে ড্র করার পর লিগ শিরোপাদৌড়ে লিভারপুলের পয়েন্ট ২৮ ম্যাচে ৬৪। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট আর্সেনালেরও। তবে গোল ব্যবধানে ক্লপের দলের অবস্থান দুইয়ে, আর্সেনাল শীর্ষে। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।