পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছোট মেয়ে আসিফা ভুট্টো। গতকাল রবিবার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসিফ আলি জারদারির সাথে মেয়ে আসিফা ভুট্টোকে দেখা যায়।
সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে এক সূত্রের বরাতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ফার্স্ট লেডি হিসেবে তাঁর মেয়ে আসিফা ভুট্টোর নাম ঘোষণা করবেন।
সাধারণত নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে থাকেন। তবে ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। এ কারণে মেয়েকেই ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি।
আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আসিফা ফার্স্টলেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে জারদারির ২০০৮ থেকে ২০১৩ সালের প্রথম মেয়াদে কোন ফার্স্ট লেডি ছিলো না। আর এ কারণে দ্বিতীয় মেয়াদে নিজের মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি।
আনুষ্ঠানিক ঘোষণা হলে বিশ্বে নজির গড়ে আসিফা ভুট্টো হবেন বিশ্বের প্রথম নারী যিনি প্রেসিডেন্টের মেয়ে হিসেবে ফার্স্ট লেডি হবেন।
গতকাল রোববার পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলি জারদারি। এর আগে শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদের ভোটে ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আসাকজাই পান মাত্র ১৮১ ভোট।