নেতানিয়াহু

গাজায় নিহতদের মধ্যে ১৩ হাজারই হামাস যোদ্ধা

গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩১ হাজার ৫৪ জন ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন এসব মানুষ।

তবে নিহত এই মানুষদের মধ্যে ১৩ হাজার হামাস যোদ্ধা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরা।

যদিও এ তথ্য জানানোর সময় হামাস যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যাক্ত করেছেন তিনি।  

গতকাল রোববার জার্মানির একটি সংবাদমাধ্যম অ্যাক্সেল স্প্রিংগারে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু।

তবে ফিলিস্তিনি এসব যোদ্ধাদের হত্যার বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানাননি ইসরায়েলের প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হামাসকে পরাজিত করার জন্য দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলের আক্রমণ সম্প্রসারিত করা গুরুত্বপূর্ণ’।

তিনি আরও বলেন, ‘আমরা বিজয়ের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা বিজয়ের খুব কাছে রয়েছি। রাফায় এখনো টিকে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করলে, সেটা মাত্র কয়েক সপ্তাহের প্রশ্ন’।

গাজায় টানা পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলের বর্বর হামলায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া উপত্যকাটিতে এ পর্যন্ত আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।