টনসিল অপারেশন করাতে গিয়ে লাশ হলো শিশু মোস্তাকিম

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত আল-হেরা নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় মোস্তাকিম (০৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১০ মার্চ) সকালে এঘটনা ঘটে।

খবর পেয়ে সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে।

মৃতের বাবা রমজান আলীর অভিযোগ, শনিবার সন্ধ্যায় আল-হেরা ক্লিনিকে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ভর্তি করানো হয় মোস্তাকিমকে। অপারেশন শেষে বাচ্চার আর জ্ঞান ফেরেনি। পরে রবিবার সকালে অপারেশন থিয়েটারে মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যান। চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

রমজান আলী আরও বলেন, আমার সন্তানকে নিয়ে গিয়েছিলাম টনসিলের অপারেশন করাতে। এখন লাশ নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে।

সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধা জানান, পুলিশ সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, আল হেরা ক্লিনিকে শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। এঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।