ওভার ইনভয়েসিং ৯০ শতাংশ বন্ধ হয়েছে: গভর্নর

ওভার ইনভয়েসিং শতভাগ বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, ওভার ইনভয়েসিং ৯০ শতাংশ বন্ধ করতে পারলেই আমরা খুশি। এখন আমরা বলতে পারি, ওভার ইনভয়েসিং ৯০ শতাংশ বন্ধ হয়েছে। এখন ব্যাংক অত সহজে এলসি করে না। এলসি করার আগে প্রাইসটা চেক করে, আমরা কতগুলো মেকানিজম করে দিয়েছি।

সোমবার (১১ মার্চ) রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রশিক্ষণ কর্মসূচি এ কথা বলেন গভর্নর। সিআইডির কর্মকর্তাদের 'স্মার্ট ইনভেস্টিগেশন মডেল ফর সিআইডি অফিসারস' শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। 

গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, আমাদের এক্সপোর্ট বাড়ছে, পকেটে করে যে ডলার পাচার হয়, সেটা মোট পাচারের খুবই ক্ষুদ্র একটা অংশ। মূলত পাচার হয় ট্রেড বেইজড মানি লন্ডারিংয়ের মাধ্যমে। ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকাগুলো পাচার হয়ে যায়। ধরেন একটা পণ্যের দাম ১০০ ডলার, সেটার জন্য কেউ দেড়শো ডলারের এলসি করল। বাকি ৫০ ডলার পাচার হয়ে গেল। আবার যারা রপ্তানিকারক, তারাও কিন্তু রপ্তানির টাকা দেশে না নিয়ে এসে সেখানে রেখে দেন, এটাও মানি লন্ডারিং।

কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা আরো বলেন, ইমপোর্ট কন্ট্রোল করেছি। এই যে ওভারে ইনভয়েসিং হত। আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি, এলসি খোলার আগে দেখে নিতে যে জিনিসটা আনা হচ্ছে তার দাম ঠিক আছে কিনা। আগে কোনোদিন ব্যাংকের শাখা পর্যায়ে তারা এই দামের বিষয়টি নিয়ে মাথা ঘামাত না, ক্রসচেকও করত না। গত দুই বছরে আমরা এই কালচারে চেঞ্জ আনতে পেরেছি যে এলসি করার আগে এ বিষয়গুলো দেখতে হবে।

মানি এক্সচেঞ্জগুলো ডলারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছিল উল্লেখ করে তিনি আরো বলেন, অবশ্য মানি এক্সচেঞ্জরা যে ডলার খুচরা ট্রেড করে, এটা খুব গুরুত্বপূর্ণ না। সারা বছর তারা ৪৫ থেকে ৫০ মিলিয়ন ডলার কেনাবেচা করে। আর আমাদের ব্যাংকিং সিস্টেমে টোটাল ট্রানজেকশন হয় ২৭০ বিলিয়ন ডলার। ব্যাংকিং সিস্টেমের কাছে মানি এক্সচেঞ্জ এর ব্যবসা কিছুই না। কিন্তু এটার একটা নুইসেন্স ভ্যালু আছে। যখন তারা ডলারের দাম বাড়িয়ে দেয়, তখন আমাদের প্রবাসীরা বেশি দাম পাওয়ার কথা চিন্তা করে ডলার ধরে রাখে। সেজন্য মানি এক্সচেঞ্জগুলোকে থামানোর দরকার ছিল। সে সময় বাংলাদেশ ব্যাংক, সিআইডি, এনএসআই একসঙ্গে কাজ করে এটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, আগে শুধু মাদক ব্যবহারকারী ও পাচারকারীদেরই গ্রেপ্তার করা হয়েছে। এখন মাদকের গডফাদারদের গ্রেপ্তার করার ধারা চালু করেছে সিআইডি। তাদের সম্পত্তি ক্রোক করে রাষ্টীয় কোষাগারে জমা করা হচ্ছে।