প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আদায় ও বই বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছেন। এছাড়াও  বিনামূল্যে দেওয়া সরকারি বই বছর শেষে শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে কেজি হিসেবে বিক্রি করার অভিযোগ ওঠেছে। নিয়মিত স্কুলেও আসেননি তিনি। তার এসব কর্মকাণ্ডে শিক্ষার্থী ও অভিভাবক মহলে বিরাজ করছে ক্ষোভ।  

অভিযোগে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ৯৫ নম্বর আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অগোচরে পরিচ্ছন্ন কর্মীর বেতন দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১২০ টাকা করে আদায় করেন। সরকারি বেতনভুক্ত একজন দপ্তরী থাকা সত্ত্বেও আরেকজন পরিচ্ছন্ন কর্মী রেখে বেতন দেওয়ার কথা বলে সরকারি নিয়ম বহির্ভূতভাবে ৫ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাত করছেন তিনি। এছাড়াও বছর শেষে শিক্ষার্থীদের কাছ থেকে পুরনো বই ফেরত নিয়ে মজিবুর নামে একজন ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে কেজি হিসেবে বিক্রি করেন। বই কিনার বিষয়টি ব্যবসায়ী মজিবুর স্বীকার করেছেন। 

এছাড়া স্কুলের ২৮টি সিলিং ফ্যান বিক্রির অভিযোগও রয়েছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ১২০ টাকা ও বছর শেষে পুরনো বই ফেরত নেওয়ার কথা স্বীকার করেছে শিক্ষার্থীরা।  

অভিভাবক ইলিয়াছ বলেন, প্রধান শিক্ষিকার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাই আপাতত আমার সন্তানকে স্কুলে পাঠাচ্ছি না। স্কুলটি সরকারি হলেও টাকা দিতে হয়।  

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম টাকা নেওয়ার কথা স্বীকার করলেও বই বিক্রির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তবে ভবিষ্যতে আর টাকা নেওয়া হবে না বলে জানান তিনি। 

বিদ্যালয়ের ম্যানেজিং কজমিটির সভাপতি লিপি বেগম বলেন, প্রধান শিক্ষিকা টাকা নেওয়ার বিষয়টি আমি জনতে পেরে মিটিং ডেকেছি। মিটিংয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।   
 
নারায়ণগঞ্জ জেলা  শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় বা পুরাতন বই ফেরত নেওয়ার কোনো নিয়ম নেই। তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।