দল হিসেবে সিরিজ জিততে ক্ষুধার্ত আমরা: হৃদয়

আগামী বুধবার লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেলেও ওয়ানডে সিরিজে তার ছাপ পড়তে দিতে চান না বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ তাওহীদ হৃদয়। বরং ওয়ানডে সিরিজ জেতার জন্য দলের সবার সেই ক্ষুধা রয়েছে বলে জানিয়েছেন এ টপ অর্ডার ব্যাটসম্যান।

হৃদয় বলেন, ‘অবশ্যই আমরা সিরিজ জেতার জন্য নামবো। আমাদের মধ্যে সেই ক্ষুধা রয়েছে। আমি মনে করি আমাদের সবার জন্য এ সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। কেননা আমরা একটা সিরিজ হেরেছি। একটু চ্যালেঞ্জিং হলেও আমরা প্রত্যেকের জায়গা থেকে এফোর্ট দিলে সবকিছু ঠিকই হবে।’

নিজের ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে হৃদয় বলেন, ‘আমি অতীতের কিছু মাথায় রাখি না। আর সামনের দিনে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা আমার ইনিংস থেকে আত্মবিশ্বাস পাবো। তবে ম্যাচের দিন ভালো করাটা গুরুত্বপূর্ণ। সেটাই লক্ষ্য থাকবে।

টি-টোয়েন্টি সিরিজ হার দলে প্রভাব ফেলবে কি না প্রসঙ্গে তিনি জানান, ‘যেটা চলে গিয়েছে সেটা বলে আর লাভ নেই। আগের সিরিজে যে ভুলগুলো হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে যত কম ভুল করবো তত আমরা ভালো করবো। তাছাড়া দলের ভেতর সবকিছু্ই ঠিক আছে।’