রমজানে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
এদিকে দেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার প্রথম রমজান। তবে এখনও স্কুল খোলা বা বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় দ্বিধায় শিক্ষক-শিক্ষার্থীরা। আগামীকাল স্কুল বন্ধ থাকবে নাকি খোলা সে বিষয়ে স্পষ্ট কিছুই জানায়নি মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে দেশ রূপান্তরকে বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, হাইকোর্টের আদেশকপি এখনও মন্ত্রণালয়ে পৌঁছেনি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মন্ত্রণালয়।
তবে আগামীকাল মঙ্গলবার দেশের অনেক প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন শিক্ষকরা। পরে মন্ত্রণালয়ের নোটিশ পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। অন্যদিকে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দেশের অধিকাংশ বিদ্যালয়। তারা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখছেন।
এদিকে আপিল বিভাগের আজকের শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি সাইফুল আলম। অপর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফায়েজ।
আইনজীবী এ কে এম ফায়েজ গণমাধ্যমকে জানিয়েছেন, হাইকোর্টের স্থগিতাদেশে চেম্বার আদালত হস্তক্ষেপ না করায় মঙ্গলবার রোজার প্রথম দিন প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে।