অস্কারে মেসি!

বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হয় ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের আসর। তার আগে বাংলাদেশ সময় গেল রাত তিনটায় এমএলএসের ম্যাচে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মন্ট্রিলের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি।

সেই ম্যাচে লিওনেল মেসি না খেললেও গ্যালারিতে বসে উপভোগ করেছেন খেলা। এরপর 'মেসি' কে দেখা গেছে অস্কারেও!

মেসি মায়ামির ম্যাচ শেষ করে ডলবি থিয়েটারে হাজির হননি। অস্কারে যে মেসি উপস্থিত ছিল, সেটি অন্য 'মেসি'। সেই 'মেসি' মূলত অভিনেতা এক কুকুর।

মেসি নামের সেই কুকুরটি

'মেসি' নামের কুকুরটি অভিনয় করেছে জাস্টিন ট্রেইট অভিনীত ‘অ্যানাটমি অব আ ফল’ চলচ্চিত্রে। যে চলচ্চিত্র পুরস্কারের জন্য পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল।

এই ছবিতে স্নুপের চরিত্রে অভিনয় করেছিল মেসি নামের কুকুরটি। ব্রিটিশ 'বর্ডার কলি' জাতের কুকুরটির নাম 'মেসি' রাখা নিয়ে তার ট্রেনার লরা মার্টিন বলেন, ‘ফ্রান্সে আমরা যদি খাঁটি জাতের কুকুর নিই, তবে প্রতিবছর তার নামে একটি চিঠি আসে। আমার ফুটবলার সন্তানেরা মেসিকে ভালোবাসে। তারা আমাকে বলে তাকে মেসি বলে ডাকতে।'