অস্কার হাতে নিয়ে কাঁদলেন এমা স্টোন

৯৬তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের অস্কার মঞ্চে সেরা অভিনেত্রী হিসেবে যখন এমা স্টোনের নাম ঘোষণা করা হলো, এরপর কয়েকটি ঘটনা ঘটিয়ে ফেললেন এই অভিনেত্রী। নিজের নাম নিজের কানে শুনেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না এমা স্টোন। যখন বিশ্বাস হলো, তখন লাফিয়ে উঠে স্বামী ডেভ ম্যাককারিকে চুমু খেয়ে প্রথম উদযাপনটা সারলেন ‘পুওর থিংস’ অভিনেত্রী।

এরপর পুরস্কারের ট্রফি নিতে যখন মঞ্চে উঠলেন, বুঝতে পারলেন, গাউনের পেছনের জিপার ছিঁড়ে গেছে। খুলে যাওয়া অংশ হাত দিয়ে ঢাকারও চেষ্টা করলেন। তারপর সামলে উঠে এমা স্টোন বলেন, ‘দুঃখিত আমার পোশাক ছিঁড়ে গেছে। মনে হয় গানের সঙ্গে পারফর্ম করার সময় এই বিপত্তি। দয়া করে আমার পোশাকের দিকে কেউ তাকাবেন না।’

‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন।

এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)।

অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন বলেন, ‘আমি জানি না কী বলব। এই মুহূর্তে মাথায় আসছে, এক অপ্রতিরোধ্য যাত্রার নাম হলো ‘পুওর থিংস’। টিমের প্রত্যেক সদস্য এবং এই সিনেমা নির্মাণে সংশ্লিষ্টদের বলতে চাই, যে ভালোবাসা-যত্ন নিয়ে ‘পুওর থিংস’কে পর্দায় আনার জন্য তারা কাজ করেছিলেন, এই পুরস্কার এবং সম্মান আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’ কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেন এমা। অশ্রুসিক্ত এমা স্টোন এই পুরস্কার মা-বাবা, স্বামী-সন্তানদের উৎসর্গ করেন। এরপর অনেকটা সময় মঞ্চে দাঁড়িয়ে চোখ মুছতে থাকেন।

গত বছরে ‘গোল্ডেন গ্লোব’ ও ক্রিটিকস চয়েসে’ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান এমা স্টোন। অভিনয় দক্ষতার পাশাপাশি এ সিনেমায় নগ্ন দৃশ্যে তার অভিনয়ও আলোচনায় ছিল। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘সিনেমার জন্য ওই দৃশ্য জরুরি ছিল। যা করা হয়েছে, তা সততার সঙ্গেই হয়েছে।’

বাংলাদেশ সময় কাল ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।