স্বামী হত্যা মামলা প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদন্ড

জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জ্যোৎস্না বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া বাবু।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জ্যোৎস্না বেগমকে বিয়ের পর ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে ঘরজামাই থাকতেন। এদিকে তার স্ত্রী পার্শ্ববর্তী গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরেই ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা করেন।