প্রধানমন্ত্রীর হাত থেকে বশেমুরকৃবির অধ্যাপকের গবেষণা অনুদান গ্রহণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ মালেক এমপি। এই মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন স্বাগত বক্তব্য রাখেন। গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিশেষ গবেষণা অনুদান গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী নির্বাচিত মোট ৬৯৬টি প্রকল্পের মধ্যে থেকে ১৮ জনকে বিশেষ গবেষণা অনুদান নিজ হাতে তুলে দেন। অধ্যাপক ড. আলম প্রধানমন্ত্রীর প্রদান করা বিশেষ গবেষণা অনুদানের আওতায় মিষ্টি লাউয়ের বৃদ্ধি, পুষ্টিমান ও অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে কীভাবে অণুজীব (মাইকোরাইজা) সহায়তা করতে পারে সেই বিষয়ে গবেষণা করবেন।