চুরির অপবাদে হত্যাচেষ্টা মামলা চেয়ারম্যানের বিরুদ্ধে

ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে মো. হাসেম আলী (৩৯) নামে এক ঠিকাদারকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রবিবার রাতে ভুক্তভোগীর ভাই মো. জাহের আলী ধামরাই থানায় মামলাটি করেন। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমানের বাড়িতে এ হামলা হয়।

মামলার আসামিরা হলেন কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, তার দুই ছেলে মো. মমিন ও মো. রিপন আলী, একই ইউনিয়নের খাতরা গ্রামের বাসিন্দা মো. বোরহান আলী, মো. আবদুল হকসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন। ভুক্তভোগী হাসেম আলী খাতরা গ্রামের বাসিন্দা।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, হাসেম এক বাড়িতে চুরি করতে গেলে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটকে মারধর করে। পরে চৌকিদার তাকে আমার কাছে নিয়ে এলে বিষয়টি ওসিকে জানাই। আমার বাসায় তাকে মারধরের অভিযোগটি সত্য নয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস বলেন, ঠিকাদার হাসেমকে হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ছেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে।