আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, তালিকায় দ্বিতীয়

বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজও এর ব্যতিক্রম ঘটেনি। আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সোয়া ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ১৯৫। বায়ুমান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া স্কোর ২৭৩ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে চীনের সাংহাই।

উল্লেখ্য, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।