চ্যাম্পিয়ন্স লিগে সবে চলছে শেষ ষোলোর লড়াই। গত মৌসুমে ব্যর্থ হলেও এবার সেখানে উঠেছে বার্সেলোনা। নাপোলির বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের লড়াই-ই মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।আর মৌসুমে এটাই নাকি এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে বলে মনে করেন কোচ জাভি হার্নান্দেস।
নিজেদের মাঠে আজ ইতালিয়ান ক্লাবটির মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ২০২০ সালের পর প্রথমবার কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর হাতছানি তাদের সামনে।
সেই বছরই সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ঘরের মাঠে জিতেছিল বার্সেলোনা। এই নাপোলিকেই হারিয়েছিল ৩-১ গোলে।
ইউরোপ সেরার মঞ্চ এখন তাদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে জাভির কথায় মিশে রইল যেকোনো মূল্যে জয়ের তাড়না, 'মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ? হ্যাঁ, এটাই। আর আমরা প্রস্তুত, আমরা রোমাঞ্চিত। চার বছর হয়ে গেছে আমরা কোয়ার্টার-ফাইনালে খেলেছি, আমরা এটা এভাবেই দেখি। আমরা এমন একটি প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করব, যারা এই মুহূর্তে যদিও সেরা অবস্থায় নেই, তবুও তাদের মূল ভিত্তি ২০২৩ সালের সেরি আর শিরোপাজয়ী দল।'
সিরি আয় ইন্টার মিলানের চেয়ে ৩১ পয়েন্টে পিছিয়ে সাত নম্বরে নাপোলি। মৌসুমে দলটির তৃতীয় কোচ হিসেবে ফেব্রুয়ারি থেকে কাজ করছেন ফ্রান্সেস্কো কালজোনা। তার কোচিংয়ে ৫ ম্যাচ ধরে অপরাজিত ইতালির চ্যাম্পিয়নরা।
জাভি মনে করছেন, নতুন কোচের ছোঁয়ায় নিজেদের ফিরে পাচ্ছে নাপোলি, 'নতুন কোচ আসার পর উন্নতি করেছে নাপোলি। মাঠে আমি সাহসী নাপোলি দলকে আশা করছি, যারা নিজেদের সীমানা থেকে আক্রমণ গড়ে তুলবে এবং চাপ দেবে। এতে কোনো সন্দেহ নেই যে, তাদের অনেক ব্যক্তিগত প্রতিভাসম্পন্ন খেলোয়াড় আছে। বড় দলের বিপক্ষে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। ইতালির বর্তমান চ্যাম্পিয়ন তারা।'
চোটের জন্য ইদানিং বেশ ভুগছে বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ং, পেদ্রিসহ প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত।