জলবায়ু পরিবর্তন

বিশ্বজুড়ে হুমকিতে কলা উৎপাদন

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের হুমকিতে পড়েছে কলার উৎপাদন ও সরবরাহ, ফলে সামনে অনেক বেড়ে যাবে জনপ্রিয় ও সুস্বাদু ফলটির দাম। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় মঙ্গলবার রোমে ওয়ার্ল্ড ব্যানানা ফোরামের কলা উৎপাদন ও সরবরাহে চ্যালেঞ্জ নিয়ে এক বৈঠকে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। খবর বিবিসি।

ওয়ার্ল্ড ব্যানানা ফোরামের সিনিয়র অর্থনীতিবিদ প্যাসকেল লিউ বলেন, জলবায়ুর প্রভাব কলা উৎপাদন ও সরবরাহের জন্য একটি বিশাল হুমকি সৃষ্টি করছে। এছাড়া দ্রুত ছড়িয়ে পড়া কিছু রোগের কারণে এ হুমকি আরও জটিল হয়ে উঠছে।

পুষ্টিকর এবং সুস্বাদু কলা বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকৃত ফল। যুক্তরাজ্য প্রতি বছর প্রায় ৫০০ কোটি কলা আমদানি করে থাকে, যার প্রায় ৯০ ভাগ স্থানীয় বড় সুপারমার্কেটের মাধ্যমে বিক্রি হয়।

সম্প্রতি ঝড় ও সমুদ্র পথে প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাজ্যের বেশকিছু দোকানে কলার ঘাটতি দেখা দিয়েছে। খুচরা বিক্রেতারা বলেছেন যে সমুদ্রে ঝড়ের কারণে সরবরাহ বিলম্বিত হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উষ্ণায়ন এবং এর ফলে ছড়িয়ে পড়া রোগের কারণে কলার খাতে উৎপাদন নিয়ে উদ্বিগ্ন তারা।

ওয়ার্ল্ড ব্যানানা ফোরামের বিশেষজ্ঞ লিউ জানান, "আমি মনে করি জলবায়ু পরিবর্তন সত্যিই কলা খাতের জন্য একটি বিশাল হুমকি’।

তিনি বলেন, মারাত্মক তাপমাত্রা কলার উৎপাদনে প্রভাব ফেলে এমনকি কিছু স্থানে ফসল নিশ্চিহ্ন করতে পারে, কারণ এটি তাপমাত্রা বৃদ্ধির প্রতি সংবেদনশীল।

তিনি বলেন, সম্ভবত সবচেয়ে বড় তাৎক্ষণিক হুমকি হল যে ক্রমবর্ধমান তাপমাত্রা রোগ ছড়াতে সাহায্য করছে। বিশেষ করে সবচেয়ে উদ্বেগের কারণ হল ফিউরাসিয়াম উইল্ট টিআরফোর নামক একটি ছত্রাক সংক্রমণ, যা অস্ট্রেলিয়া এবং এশিয়া থেকে আফ্রিকা এবং বর্তমানে দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়েছে।

একবার একটি বাগান এই ছত্রাকে সংক্রমিত হলে, বাগানের সমস্ত কলা মারা যায় এবং এটি থেকে পরিত্রাণ পাওয়া অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এসব সমস্যার পাশাপাশি উৎপাদনকারীরা সার, জ্বালানি ও পরিবহনের ব্যয় বৃদ্ধির কবলে পড়েছেন এবং পর্যাপ্ত শ্রমিক খুঁজে পাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।

এ অবস্থা চলতে থাকলে সামনের বছরগুলোতে কলার দাম তুলনামূলকভাবে বেশি থাকবে বলছেন বিশেষজ্ঞরা।