বিসিকে 'জামদানি শিল্পের উন্নয়নে ৬ মাস মেয়াদি বুনন প্রশিক্ষণ' আয়োজন

জামদানি শিল্প কারখানা বিসিক নারায়ণগঞ্জে শিশু শ্রম নিরসন এবং জামদানি শিল্পের উন্নয়নে ৬ মাস মেয়াদি বুনন প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। এছাড়াও বিসিকের অন্যান্য কর্মকর্তা, বিসিক জামদানি শিল্পনগরী শিল্পমালিক কল্যাণ সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর, বিসিকের উদ্যোক্তা আনোয়ার হোসেনসহ অন্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি সঞ্জয় কুমার ভৌমিক তার বক্তব্যে শিশু শ্রম নিরসনে জামদানি বুনন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জামদানি শিল্পের প্রসারে বিসিকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার অঙ্গীকার করেন। পাশাপাশি এই প্রশিক্ষণ কর্মসূচি সফল করতে প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের  আন্তরিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের তাগিদ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জামদানি শিল্পের জনপ্রিয়তা ধরে রাখতে এই প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করেন। পাশাপাশি এই শিল্পের বিরুদ্ধে দেশে বিদেশে অনেকেই অনেক চক্রান্ত করছে বলে জামদানি শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন। এছাড়াও জামদানি উদ্যোক্তাদের অনুরোধ করেন যাতে তারা কারিগরদের ন্যায্য পারিশ্রমিক দেন।

প্রশিক্ষণ কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল উন্নয়ন বিভাগ, বিসিক প্রধান কার্যালয়, ঢাকা।