ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল ও পরশু বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আগামীকাল খুলনা ও বরিশাল বিভাগে আর পরশু কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশার বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রমজানের প্রথম দিনে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর পরশু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।