রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন যবিপ্রবির কর্মচারী, উদ্ধারে এগিয়ে আসেনি কেউ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী বদিউজ্জামান বাদলকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে তার পরিবারে লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

পুলিশ সূত্রে জানা গেছে, শালিসের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত বাদলের সঙ্গী ও স্থানীয়রা জানান, বাদল মাটির ব্যবসা করেন। সোমবার সন্ধ্যায় কমলাপুরে শ্রমিকদের মজুরির টাকা দিতে গিয়েছিলেন। এ সময় বাদলের বন্ধু হিসেবে পরিচিত ভুট্টো ও আয়নালসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। বাদলকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায়। গুরুতর জখম হয়ে পড়ে থাকলেও তাকে কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। খবর পেয়ে তার বাবাসহ পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

যশোর কোতোয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সম্প্রতি একটি মাদ্রাসার জমি নিয়ে শালিস করেন বাদল ও তার বন্ধু ভুট্টো এবং আয়নাল। শালিসের টাকার ভাগ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। ওই বিরোধের জের ধরে আয়নালের দাড়ি টেনে ছিড়ে দেয় বাদাল। এর প্রতিশোধ নিতেই বাদলের উপর হামলা চালায় ভুট্টো, আয়নাল ও তাদের লোকজন।

তিনি আরও জানান, হামলার ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আসামিরা চিহ্নিত হওয়ায় তাদের আটক করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।