মা হলেন মৌসুমী, মেয়ের নাম রাখলেন সিনেমার চরিত্রের নামে

এবার কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। জানালেন, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

মেয়ের নাম রেখেছেন নীতিরি, যেটি হলিউডের ‘অ্যাভাটার’ সিনেমার জো সালডানা অভিনীত চরিত্রের নাম। এই নাম প্রসঙ্গে মৌসুমী বলেন,  ‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’

মৌসুমী নাগ আরও বলেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি। তবে ছেলেও তাঁর অনেক বেশি আদরের। কিন্তু মেয়ে বাচ্চারা তার অনেক পছন্দের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।’
প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। 

ছোট পর্দা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করা মৌসুমী নাগকে ‘রান আউট’ সিনেমাতেও দেখা গেছে।