‘জয় আল্লু অর্জুন’ না বলায় শুটিংস্পটে যুবককে বেধড়ক মার

এই মুহূর্তে বিশাখাপত্তনমে ‘পুষ্পা ২’-এর শুটিংয়ে ব্যস্ত আল্লু অর্জুন। অভিনেতা শুটিং ফ্লোরে পৌঁছাতেই ফুলের বৃষ্টি চারিদিকে। ভক্তদের ভিড়ে রীতিমতো চিঁড়ে চ্য়াপ্টা অবস্থা আল্লুর। সম্প্রতি শুটিং সেটে ঘটেছে বিশাল কাণ্ড। 

আল্লু অর্জুনের ভক্তরা এক যুবককে ধরে মারধর করেছে। যুবকের অপরাধ, ‘পুষ্পা ২’ ছবির শুটিং দেখতে গিয়ে যুবকটি কেন ‘জয় আল্লু অর্জুন’ বলে চিৎকার করেননি। এরকমই অভিযোগ তুলে যুবককে উত্তম মধ্যম মার দিয়েছে আল্লুর ফ্যানেরা। এই মারধরের ভিডিও এখন ভাইরাল।

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রাশমিকা মান্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে।

‘পুষ্পা ২’র এই ফার্স্টলুকে আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র লুকে দেখা গেছে। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যার জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য। এই লুকের জন্য নীল শাড়ি পরেছিলেন আল্লু। সেই শাড়িই ফাঁস হওয়া ছবিতে তার পরনে দেখা যায়। মনে করা হচ্ছে, শুধু পোস্টারে নয়, আল্লুর এই লুক ছবিরও গুরুত্বপূর্ণ অঙ্গ।

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে। এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিনেই নাকি নতুন ছবির টিজার প্রকাশ করা হবে।