গাজীপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে পুলিশকে সহযোগিতা করায় মো: মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে বাঁশের সঙ্গে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনে পেয়ে পুলিশ গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত মাসুদ রানার ভাই মো: রাজিব মিয়া বাদি হয়ে বাসন থানায় মামলা দায়ের করলে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাব মো: শামছুর রহমানের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— সুমন মিয়া (৩৪), আসাদ বেপারী আসলাম (৩৪), মো: ফজলু ওরফে তোতলা ফজলু (৩২) ও সোহেল রানা (২৫)।
উপ-পুলিশ কমিশনার জানান, ভুক্তভোগী মো: মাসুদ রানা (৩৫) আসামী সুমন মিয়া এবং আসলামকে গ্রেপ্তারী পরোয়ানা মূলে বাসন থানা পুলিশকে গ্রেপ্তারে সহায়তা করায় তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এর জের ধরে গত ৯ মার্চ ভোরে মো: মাসুদ রানাকে বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকার ভি.এন্ড.আর গার্মেন্টসের গলিতে মনিরের টিনশেড বাড়ির পেছনে ডেকে নিয়ে আসামিরা মাসুদ রানাকে এলোপাথাড়ি কুপিয়ে মাথার বাম পাশ, দুই পা এবং বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। পরে গ্রেপ্তারকৃত আসামি সুমন মিয়ার স্বীকারোক্তি এবং তার দেখানো মতে ঘটনাস্থল থেকে ২টি ধারালো দা উদ্ধার করা হয়েছে।