ছাত্রীদের হিজাব খুলতে বাধ্য করা ও এ নিয়ে মন্তব্যের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমানকে পাঁচ বছরের জন্য অব্যাহতির সুপারিশ করেছে একাডেমিক কমিটি। মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একাডেমিক কমিটির সভা থেকে এ সুপারিশ করা হয়।
সভা শেষে বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন। অব্যাহতির সুপারিশপ্রাপ্ত হাফিজুর রহমান ওই বিভাগের সহযোগী অধ্যাপক।
বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আজ একাডেমিক কমিটির সভা হয়। সভায় কমিটির সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমানকে পাঁচ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার ওই শিক্ষকের বিরুদ্ধে শ্রণিকক্ষে ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করা এবং হিজাব নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ তুলে মানবন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষক হাফিজুর রহমানকে পাঠদান থেকে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একইসঙ্গে বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় বিভাগের একাডেমিক কমিটির সভা বসে। সভায় অভিযোগ পার্যালোচনা সাপেক্ষে ওই শিক্ষককে পাঁচ বছরের জন্য অব্যাহতির সুপারিশ করে একাডেমিক কমিটির সদস্যরা।