সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষাল। আজ ১২ মার্চ তার জন্মদিন। এই দিনে ৪০ বসন্তে পা দিলেন জাতীয় পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন এই বাঙালি কন্যা। শুধু ভারতই নয়, বিশ্ব জুড়েই রয়েছে তার খ্যাতি।
প্রায় দুই দশকের বেশি সময় শ্রেয়ার সুরেলা কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ শ্রোতারা। কোনও স্টেজ পারফরম্যান্সে শ্রেয়ার উপস্থিতি মানেই সেখানে উৎসব। দীর্ঘ ক্যারিয়ারে তিন হাজারেরও বেশি গান গেয়েছেন শ্রেয়া।
শ্রেয়ার প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। যার নাম ছিল ‘বেঁধেছি বীনা’। ২০০০ সালে সা রে গা মা পা জেতার পর প্রথম প্লেব্যাক গায়িকা হিসাবে কাজের প্রস্তাব পান। ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালীর ‘দেবদাস’ সিনেমায় গান গেয়ে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্লেব্যাক গায়িকা হিসাবে আসুমদ্রহিমাচল তার জনপ্রিয়তা বিস্তৃত হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়ার ২৪০ কোটি রুপির সম্পত্তির মালিক। এক পেশাদার সংগীতশিল্পী, স্টেজ পারফরমার, সুরকার হিসাবে কাজ করেন তিনি। এছাড়াও গানের বিভিন্ন রিয়্যালিটি শো-তে বিচারকের আসনেও দেখা যায় তাকে। সব মিলিয়ে শ্রেয়ার আয়ের উৎস অনেকগুলো। স্টার ভয়েস অফ ইন্ডিয়া, এক্স ফ্যাক্ট ইন্ডিয়া, ইন্ডিয়ান আইডল জুনিয়রের মতো একাধিক রিয়্যালিটি শোয়ে বিচারক হিসাবে শ্রেয়ার উজ্জ্বল উপস্থিতি প্রতিযোগী থেকে দর্শক সকলে উপভোগ করেছেন।
শ্রেয়া ঘোষাল কিন্তু, শুধু বাংলা বা হিন্দি ভাষাতেই গান গাননি। অসমিয়া, ভোজপুরী, তেলুগু, তামিল, ওড়িয়া, গুজরাতি, কন্নড়, মারাঠি, মালায়ালি, নেপালি সহ একাধিক ভাষায় কণ্ঠের জাদুতে আপামর শ্রোতার মনোরঞ্জন করেন। জাতীয় পুরস্কারসহ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এসেছে শ্রেয়ার ঝুলিতে।
দেবদাস সিনেমাতে গান গেয়ে মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ারে উত্থানের পথ মসৃণ হয় শ্রেয়ার। টিনসেল টাউনে পা রেখেই এই সাফল্য শ্রেয়ার জীবনের মোড় ঘোরানো পর্ব ছিল তা বলাইবাহুল্য। ভারতীয় তারকা হিসাবে ফোর্বস সেলিব্রিটি ১০০- এর মধ্যে জনপ্রিয়তা ও আয়ের বিচারে জায়গা পেয়েছিলেন বঙ্গতনয়া শ্রেয়া ঘোষাল।