লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে অবশেষে যাত্রা শুরু করল বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি। এতে লালমনিরহাট জেলার কয়েক লাখ মানুষ কম খরচে ঢাকার সাথে যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচন হলো।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী-ঢাকা রুটে ফিতা কেটে ট্রেনটির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, অ্যাডভোকেট মতিয়ার রহমান, বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম আঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম।
বুড়িমারী রেল স্টেশন থেকে ট্রেনটি চালু হওয়ায় নতুন করে ভারত, ভুটান, নেপালের পাসপোর্টধারী যাত্রীদের সাথে নতুন করে যোগাযোগ স্থাপন হলো। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার পথে ১১টি স্টেশনে থামবে আর ঢাকা থেকে বুড়িমারী ফেরার পথে ১২টি স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে জেলার পাঁচটি উপজেলার চারটিতে ট্রেনটির যাত্রা বিরতি রাখা হলেও আদিতমারী উপজেলায় কোনো যাত্রাবিরতি রাখা হয়নি।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, বুড়িমারী রেলওয়ে স্টেশনে ওয়াস পিড নির্মাণ না হওয়া পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে।