অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে কামালবাগের দেবিদাস ঘাট লেনে এ অভিযান চালান ঢাদসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

ঢাদসিক জনসংযোগ শাখা জানায়, মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল পর্যন্ত পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে অভিযান চালানো হয়। অভিযানকালে ৩০/৬ নম্বর হোল্ডিংয়ের মধুমতি প্লাস্টিক কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকির শর্ত পূরণ না করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এরপর অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পার্শ্ববর্তী শরীফ প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে একই অভিযোগে আরও ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।