খায়রুন সুন্দরীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবির অভিনেতা আব্দুল ওয়াদুদ রঙ্গিলা (৫৩) মারা গেছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন।
দুপুরে তার লাশ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পীরগঞ্জ বাজার এলাকার গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
লোককাহিনী নিয়ে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী সিনেমাতে খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে সফল অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসা সফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।
সেই সঙ্গে তিনি ছিলেন একাধিক ছবির নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার। এছাড়া তিনি নাটক ও কবিতাও লিখতেন। সেই সুবাদে শেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন একজন পরিচিত ও প্রতিভাময় মুখ।