অবশেষে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ছাড়তে শুরু করেছে ভারতের সেনারা। গতকাল মঙ্গলবার দ্বীপদেশটির সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। দেশটির ‘চীনপন্থি’ নেতা হিসেবে পরিচিত ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্দেশের পর নয়াদিল্লি তার সেনাদের সরিয়ে নেওয়া শুরু করল। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকে এখন পর্যন্ত মুইজ্জু নানা সময়ে ভারতবিরোধী অবস্থান নিয়ে আলোচনার জন্ম দিয়ে যাচ্ছিলেন।
মোহাম্মদ মুইজ্জু ক্ষমতার আসার পর নয়াদিল্লি ও মালের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। কয়েক দফা বৈঠকের মাধ্যমে আগামী ১০ মে’র মধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী মোট ৮৯ ভারতীয় সেনা ও তাদের সহযোগীকে ধারাবাহিকভাবে সরিয়ে নেবে ভারত। গত রবিবার থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।
মালদ্বীপের সংবাদমাধ্যম বলছে, এরই মধ্যে আদ্দুর দক্ষিণতম প্রবাল প্রাচীরে মোতায়েন ভারতীয় সেনারা দ্বীপপুঞ্জ ছেড়ে চলে গেছে। এখানে ২৫ জনের মতো ভারতীয় সেনা প্রথম দফায় মালদ্বীপ ছেড়েছেন। এখন মালদ্বীপে থাকা ভারতের দুটি হেলিকপ্টার এবং একটি উড়োজাহাজ পরিচালনা করতে বেসামরিক কর্মীরা মালদ্বীপে পৌঁছেছেন।
মালদ্বীপের রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের প্রভাব বিরাজমান ছিল। কিন্তু গত নির্বাচনে ‘ভারতপন্থি’ বলে পরিচিত নেতা মোহাম্মদ সোলিহকে হারিয়ে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজ্জু। পরে তিনি ভারতীয় সেনা সরিয়ে নিতে ভারত সরকারকে আহ্বান জানান। ক্ষমতায় আসার পর চীন সফরে যান তিনি। সম্প্রতি মুইজ্জুর প্রশাসন চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও সই করেছে।
এ নিয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি। কিন্তু মালদ্বীপের ওই সংবাদমাধ্যম দ্বীপদেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সূত্র উল্লেখ করে ভারতীয় সেনাদের প্রস্থানের খবর দিয়েছে।